শনিবার মধ্যরাত থেকে কাপ্তাইয়ে মাছ শিকার উন্মুক্ত
শনিবার মধ্যরাত রাত থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে আবার মাছ শিকার উন্মুক্ত হচ্ছে। এতে কর্মচাঞ্চল্য ফিরে পাচ্ছেন প্রায় ২৩ হাজার জেলে। ইতোমধ্যে হ্রদে মাছ শিকারের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
চলতি মৌসুমে ১২ মে থেকে অনির্দিষ্টকালের জন্য মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন, বংশ বিস্তার ও উৎপাদন বাড়াতে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলরাশি কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার, আহরণ, বাজারজাত ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাঙামাটি জেলা প্রশাসন। প্রায় সাড়ে তিন মাস তা বলবৎ রাখার পর প্রজনন মৌসুম সুষ্ঠুভাবে শেষ হওয়ায় প্রত্যাহার করে নেয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, এ মৌসুমে মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন, উৎপাদন ও বংশ বিস্তার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তাই কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে, টানা প্রায় সাড়ে তিন মাস পর্যন্ত কর্মহীন থাকার পর আবার কর্মচাঞ্চল্য ফিরে পাচ্ছেন হ্রদে মাছের ওপর নির্ভরশীল প্রায় ২৩ হাজার জেলে। জেলেরা জানান, হ্রদে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞার কারণে তাদের এতো দিন ধরে বেকার বসে থাকতে হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারে আবার কর্মচাঞ্চল্য ফিরে পাচ্ছেন তারা।
বিএফডিসির তথ্য সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদে মাছের ওপর নির্ভরশীল প্রায় ২৩ হাজার জেলে। এছাড়া মৎস্য ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকসহ রয়েছেন আরো বহু মৎস্যজীবী। সব মিলিয়ে প্রায় ১ লাখ মৎস্যজীবী নির্ভরশীল কাপ্তাই হ্রদের মাছের ওপর।
সুশীল প্রসাদ চাকমা/এসএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা