কালীগঞ্জে আ. লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার
প্রতীকী ছবি
গাজীপুরের কালীগঞ্জের বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহাবুদ্দিন আহমেদকে (৫২) কুপিয়ে জখমের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক আসাদুজ্জামান বরুন (৩৫) এবং গাজীপুর জেলা যুবলীগের সাবেক সদস্য মো. মোজ্জামেল হককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার বরুন জামালপুর গ্রামের মৃত আরমান মাস্টারের ছেলে ও মোজাম্মেল মৃত আমিন উদ্দিনের ছেলে।
এর আগে কালীগঞ্জ থানা পুলিশ ও গাজীপুর ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ঘটনায় সোমবার দিবাগত রাতে চেয়ারম্যানের ভায়রা মো. জাফর আহমেদ চৌধূরী বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন।
ওই রাতে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, গত ২০ আগস্ট দুপুরে উপজেলার খলাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে বাহাদুরসাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বহিস্কৃত আহ্বায়ক রুবেল (৩৫), নির্মল পালের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুব্রত পাল (৩৬), মৃত আব্দুল ওহাবের ছেলে যুবলীগ নেতা জাকারিয়া (৩৫), ও জামালপুর গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে ইমরানসহ অজ্ঞাত আরো ১৪-১৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ইউপি চেয়ারম্যানকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসতে চাইলে সুব্রত ও রুবেল কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে স্থানীয়রা ভয়ে কাছে আসতে পারেনি। পরে আহত চেয়ারম্যানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকি আসামিদের গ্রেফতারের ব্যাপারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আব্দুর রহমান আরমান/এএম/এমএস