ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারী সমাজকে দরিদ্র রেখে উন্নয়ন সম্ভব নয়

প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ৩১ আগস্ট ২০১৬

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, মেয়েরা লেখা-পড়া করে শিক্ষিত হলে নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে। সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। কারণ দেশে অর্ধেকেরও বেশি নারী। নারী সমাজকে দরিদ্র রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়।

বুধবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পাইলট প্রকল্পের আওতায় হত দরিদ্র নারীদের মাঝে আইসিভিজিডির ক্যাশ ট্রান্সফার উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বর্তমান সরকার নারী সমাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এ কারণেই সব ক্ষেত্রে বাবার নামের পাশাপাশি মায়ের নাম লিখা বাধ্যতামূলক করা হয়েছে। নারীরা দেশ তথা সমাজের ভাগ্য পরিবর্তন করছে। আবার তারাই রোজগার করে পরিবারে স্বচ্ছলতা ফিরিয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, পুরুষদের সদিচ্ছা থাকলে নারীরা এগিয়ে যাবে। তখন তারা দেশের সব ক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি বহির্বিশ্বেও সমান অবদান রাখবে। তাদের এমন পরিবর্তন আনতে হলে পুরুষদের আরো বেশি এগিয়ে আসতে হবে।

গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) এস.এম আলমের সভাপতিত্বে ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার সমন্বয়কারী জেসমিন বেগমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, ডব্লিউএফপির প্রতিনিধি ক্রিস্টা র্যা ডার, মহিলা বিষয়ক অধিদফতরের মহা-পরিচালক শাহীন আহমেদ চৌধুরী, আইসিভিজিডির প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু, গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ হাসান পুলিশ সুপার গোলাম সবুর, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ব্যাংক এশিয়ার ম্যানেজিং ডাইরেক্টর মো. আরফান আলী প্রমুখ।

আব্দুর রহমান আরমান/এএম/এবিএস