কুমিল্লায় পিকেটার-শ্রমিক সংঘর্ষ : আটক ৮
ফাইল ফটো
গাড়ি পোড়ানোর হুকুমদাতা হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় খালেদা জিয়ার নামে মামলা দায়েরের প্রতিবাদে ২০ দলের ডাকা ৩৬ ঘণ্টার হরতালে কুমিল্লা নগরীতে পিকেটারদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুর ১টার দিকে নগরীর শাসনগাছা কৃষি অফিসের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতালের সর্মথনে পিকেটাররা কৃষি অফিসের সামনে সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় বাস শ্রমিকরা একত্রিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। আতঙ্ক ছড়াতে হরতাল সমর্থকরাও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক ভাবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। পরে পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে আটক করে।
কোতয়ালি মডেল থানা পুুলিশের ওসি মো. খোরশেদ আলম তথ্যটি নিশ্চিত করেছেন।
জাগোনিউজকে তিনি জানান, হরতাল সর্মকরা শাসনগাছা কৃষি অফিসের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে। তবে আটকদের নাম জানাননি তিনি।
এমএএস/আরআই