কুমিল্লায় ইউপি চেয়ারম্যান হত্যা মামলা ডিবিতে
কুমিল্লা তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন ও তার গাড়ি চালককে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে।
বুধবার বিকেল পৌনে ৩টার দিকে জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার গভীর রাতে নিহত মনির হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় ২০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো সাতজনকে আসামি করা হয়।
জেলা গোয়েন্দা শাখার এসআই শাহ কামাল আকন্দ পিপিএম মুঠোফোনে জানান, বুধবার বিকেলের মধ্যে মামলার যাবতীয় কাগজপত্র ডিবির কাছে স্থানান্তর করা হবে। ইতোমধ্যে দাউদকান্দি মডেল থানা থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করতে তারা (ডিবি) বর্তমানে দাউদকান্দিতে অবস্থান করছেন।
এছাড়া ডিবির ওই টিমটি ঘটনাস্থলসহ এলাকার বিভিন্ন তথ্য-প্রমাণাদি সংগ্রহ করছে বলে জানা গেছে। এদিকে নিহত ওই চেয়ারম্যানের মধ্যে তিতাসসহ বিভিন্ন থানায় যে দুই ডজন মামলা রয়েছে এসব বিষয়েও ডিবি পুলিশ খোঁজ-খবর নিচ্ছে বলে জানা গেছে।
কুমিল্লার আদালতে একটি মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে মঙ্গলবার সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় ইউপি চেয়ারম্যান মনির হোসেন ও তার সহযোগীদের গুলি চালিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে সন্ত্রাসীরা। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মনির হোসেন ও তার গাড়ি চালক মহিউদ্দিন মারা যান।
মো. কামাল উদ্দিন/এএম/এবিএস