মিয়ানমারের ৯১ জেলেকে বিজিপির কাছে হস্তান্তর
ফাইল ছবি
অবৈধভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মাছ ধরার সময় আটক মিয়ানমারের ৯১ জেলেকে সে দেশের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত এক বছর ধরে তারা বিদেশি আইনে গ্রেফতার ও সাজাপ্রাপ্ত হয়ে কারান্তরীণ ছিলেন।
বুধবার দুপুর ১২টার দিকে উখিয়ার ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢেঁকিবনিয়া বিজিপি ক্যাম্পে বিজিবি-বিজিপি ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মিয়ানমারে চলমান সহিংসতা ও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা যায়।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আনিসুর রহমান, ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস ও উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক হওয়া ৯১ জন মিয়ানমারের নাগরিককে বিজিপির কাছে হস্তান্তর করা হয়েছে। তারা এতদিন কক্সবাজার জেলা কারাগারে আটক ছিল। সম্প্রতি মিয়ানমার সরকার এ জেলেদের সাধারণ ক্ষমা করে সাজা মওকুফের আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা বিবেচনায় নেয়। সে হিসেবে তাদের ক্ষমা করে আইনি প্রক্রিয়া শেষে স্বদেশে ফেরত পাঠানো হলো।
প্রসঙ্গত, গত বছরের ৮ ডিসেম্বর বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকার করার সময় বাংলাদেশ নৌবাহিনীর হাতে আটক হয় মিয়ানমারের ৯২ জেলে। এর মধ্যে কারাগারে থাকা অবস্থায় একজন মিয়ানমার নাগরিকের মৃত্যু হয়। বাকি ৯১ জনকে আজ বিজিপির কাছে হস্তান্তর করা হলো।
সায়ীদ আলমগীর/আরএআর/এনএইচ/এমএস