চুয়াডাঙ্গায় বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু
চুয়াডাঙ্গা সীমান্তে বকুল মণ্ডল (৩৮) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ভোরে দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বকুল মণ্ডল দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি গ্রামের মৃত সদা আলী মণ্ডলের ছেলে। বিজিবির পক্ষ থেকে এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, শুক্রবার মধ্যরাতে বকুল মণ্ডলসহ ৫/৬ জন গরু ব্যবসায়ী সীমান্তে গরু আনতে যান। ভোরে তারা বাংলাদেশ সীমান্তের ৮৮ নং মেইন পিলারের কাছে অবস্থান করার সময় ভারতের মালুয়াপড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া করে। এ সময় অন্য সদস্যরা পালিয়ে প্রাণে রক্ষা পেলেও বিএসএফ বকুলকে ধরে বেধড়ক মারধর করে।
আফসার আলী নামে বকুলের এক সহযোগী জানান, আটকের পর বিএসএফ সদস্যরা রাইফেলের বাট দিয়ে বকুলকে নির্মমভাবে পেটাতে থাকে। ভোর ৬টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে রেখে যায় বিএসএফ সদস্যরা। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে বকুল মণ্ডল মারা যান।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল আমির মজিদ জানান, এ হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে।
আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে