অপহরণের পর যুবককে হত্যা
কক্সবাজার শহরে দিনদুপুরে অপহরণের পর এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় শহরের পাহাড়তলী ছাত্তারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শাহ আলম (২৯)। তিনি টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরান পাড়া এলাকার আনছার হোসেনের ছেলে।
নিহতের ভাই জাহেদ আলম জানিয়েছেন, শাহ আলম শনিবার চট্টগ্রাম থেকে কক্সবাজার আসেন। সঙ্গে নিয়ে আসে বোনের ছেলে মুহিনকে। কক্সবাজার পৌঁছে ভাগিনাকে তার কাছে দিয়ে শাহ আলম বাহারছড়ার দিকে রওয়ানা হন। এরপর বেলা দেড়টার দিকে কলাতলী এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
বিষয়টি চট্টগ্রাম থেকে তার বোন রুবি আকতার জানালে জাহেদ পুলিশ ফোর্স নিয়ে পাহাড়তলী এলাকায় পৌঁছে। অনেক খোঁজাখুজির পর সন্ধ্যা ৭টার দিকে শাহ আলমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদুজ্জামান মুরাদ জানিয়েছেন, শাহ আলমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
নিহতের সুরতহাল রিপোর্ট প্রণয়নকারী কর্মকর্তা এসআই মাইনুদ্দিন জানিয়েছেন, শাহ আলমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা আছে বলেও জানান তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় জড়িত থাকার অপরাধে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম