ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অক্সিজেন সিলিন্ডার ভর্তি ট্রাক আটক, গ্রেফতার ১

প্রকাশিত: ০৭:২৩ এএম, ১০ জানুয়ারি ২০১৭

নরসিংদীর রায়পুরা থেকে ছিনতাইকৃত অক্সিজেন সিলিন্ডার ভর্তি ট্রাক গাজীপুরে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

পরে অভিযান চালিয়ে ১২৮টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত মোস্তফা নামে এক ডাকাত সরদারকে আটক করা হয়।

গাজীপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ১২৮টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি সোমবার রাত সাড়ে নয়টার দিকে নরসিংদীর রায়পুরা এলাকায় লাল মিয়ার পেট্রোল পাম্পে এসে জ্বালানি নেয়।

এসময় পুলিশ পরিচয়ে একদল ডাকাত ট্রাকের চালককে মারধর করে ট্রাকটিকে ছিনতাই করে ঢাকার দিকে পালিয়ে যেতে থাকে। খবর পেয়ে গাজীপুর গোয়েন্দা পুলিশের একটি দল গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস মোড়ে খালি ট্রাকটিকে আটক করে। পরে পুলিশ ওই ট্রাকটি নিয়ে অভিযানে বের হয়।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার হাজারীবাগ থেকে ছিনতাইকৃত ১২৮টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করে ডিবি পুলিশ। এসময় ডাকাত দলের সর্দার মো. মোস্তফাকে আট করা হয়।

এ ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

আমিনুল ইসলাম/এফএ/এমএস