জঙ্গি হামলার ব্যাপারে সতর্ক আছি : বেনজীর
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমদ বলেছেন, ৪ জুলাই শোলাকিয়ায় জঙ্গি হামলার পর দেশে কোনো জঙ্গি হামলা হয়নি। আর কোনো জঙ্গি হামলা যাতে না হতে পারে সে ব্যাপারে আমরা সতর্ক আছি।
বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর বিশ্ব ইজতেমাস্থলের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, শুক্রবার থেকে টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে। ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্ব শেষ হবে। এরপর চারদিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। ইজতেমা চলাকালে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে ইজতেমা ময়দানকে দুইটি সেক্টরে ভাগ করে জল, স্থল ও আকাশ পথে ত্রিমাত্রিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব মহাপরিচালক বলেন, ইজতেমাস্থলের ভেতরে ছদ্মবেশে ও পোশাকে গোয়েন্দা নজরদারি, গাড়ি এবং মোটরসাইকেল দ্বারা ইজতেমা এলাকায় টহলের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া তুরাগ নদে সার্বক্ষণিক নৌ টহলের পাশাপাশি একটি চৌকস দল হেলিকপ্টার দিয়ে ইজতেমাস্থলকে ঘিরে আকাশপথে পর্যায়ক্রমে টহলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ এবং স্থল ফোর্সের সঙ্গে সমন্বয় করে যে কোনো অপ্রীতিকর ঘটনারোধ কল্পে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। পকেটমার, ছিনতাই, মলমপার্টি এবং বিভিন্ন দুর্ঘটনা এড়াতে ইন্টারমিডিয়েট টহল টিম সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, অসুস্থ মুসল্লিদের অ্যাম্বুলেন্স সেবা, সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহ এবং আখেরি মোনাজাতের দিন ঢাকার মহাখালী থেকে ইজতেমা ময়দান পর্যন্ত যাওয়া-আসার জন্য বিনাভাড়ায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে। মহিলা মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সহায়তার জন্য পর্যাপ্ত সংখ্যক মহিলা র্যাব সদস্যও প্রস্তুত রাখা হয়েছে।
এ সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক মো. আনোয়ার লতিফ, র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মো. মুফতি মাহমুদ, কমান্ডিং অফিসার তুহিন মোহাম্মদ মাসুদ, কোম্পানি কোমান্ডার মোহাম্মদ মহিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. আমিনুল ইসলাম/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিদ্রোহে টালমাটাল বিএনপি, সুযোগের আশায় জামায়াত
- ২ ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা কার নির্দেশে তা স্পষ্ট করতে হবে
- ৩ কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়রসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- ৪ ৩০০ ফিটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবদল নেতা নিহত
- ৫ নির্বাচনে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড মোতায়েন থাকবে: মহাপরিচালক