ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে আ.লীগের দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত: ০৩:১৩ এএম, ১৪ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাবার হোটেলে অবৈধ গ্যাসের লাইন বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের একটি  খাবার হোটেলে অবৈধভাবে তিতাস গ্যাস সংযোগ নিয়েছেন। ওই এলাকায় শতাধিক বাসাবাড়িতেও অবৈধ গ্যাস ব্যবহার করা হচ্ছে। আবাসিক খাতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে  তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করছে। শুক্রবার সকালে এলাকাবাসীর পক্ষ হয়ে একটি খাবার হোটেলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে যায় স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজ মিয়া, আমির হোসেন ও ইউপি সদস্য কুট্রিসহ তাদের লোকজন। এসময় অপর আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য বজলুর রহমান, শফিকুল ইসলামসহ তার লোকজন খাবার হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা দেখা দেয়।

রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে সিরাজ মিয়া, আমির হোসেন ও কুট্রিসহ তাদের লোকজন প্রতিপক্ষ বজলুর রহমানসহ তার লোকজনের বিরুদ্ধে জুতা ও ঝাঁড়– মিছিল বের করেন। পরে বজলুর রহমানের লোকজন মিছিলকারীদের ওপড় পাল্টা চড়াও হয়। এ সময় উভয় পক্ষের মাঝে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে আওয়ামীলীগ নেতা সিরাজ মিয়া ও ইউপি সদস্য কুট্রি দাবি করেন, প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে।

অপরদিকে বজলুর রহমান বলেন, আসলে গ্যাস লাইন বিচ্ছিন্ন নিয়ে নয়, তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবিতর্ক হয়েছে। বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন,  এ ঘটনায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মীর আব্দুল আলীম/আরএআর/পিআর