ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে ১ মণ জাটকা জব্দ

প্রকাশিত: ১০:১২ এএম, ২৩ জানুয়ারি ২০১৭

কক্সবাজার শহরের নুনিয়াছড়ায় বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ১ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় মৎস্য অধিদফতরের ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে।

জেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ড. মঈন উদ্দীন আহমদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ব্যবস্থাপক শরীফুল ইসলাম, উখিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা একেএম শাহরিয়ার নজরুল ও মৎস্য অধিদফতরের বিভিন্ন কর্মকর্তা অংশ নেন।

জব্দ জাটকা ইলিশ মোটেল রোডের হাফেজিয়া তাজবীদুল কোরআন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা ড. মঈন উদ্দীন আহমদ।

তিনি বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাসব্যাপী সারাদেশে জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ রাখা মৎস্য সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

তিনি আরও বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে জেলাব্যাপী জাটকাবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় জেলে-মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী ও ফিশিংবোট মালিকরা উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এএম/পিআর