মংডুতে বাংলাদেশ-মিয়ানমার পতাকা বৈঠক আজ
মিয়ানমারে আটক বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে আজ বুধবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ-মিয়ানমার দ্বি-পাক্ষিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। মিয়ানমারের মংডু টাউনশিপে এ বৈঠক হবে বলে জানিয়েছে বিজিবি সূত্র।
পতাকা বৈঠকে টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষে বাংলাদেশ থেকে ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী।
তথ্যটি নিশ্চিত করে টেকনাফস্থ ২ বর্ডার গার্ড সদর দফতর থেকে জানানো হয়েছে, বুধবার সকালে মিয়ানমারের উদ্দেশ্যে প্রতিনিধি দল টেকনাফ ত্যাগ করবেন। ওখানে পৌঁছে মংডু টাউনশিপে দ্বি-পাক্ষিক পতাকা বৈঠক শেষে বাংলাদেশি নাগরিকদের নিয়ে দুপুরের দিকে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এপারে পৌছে টেকনাফ সদর বিওপির জেটি ঘাটে প্রেস ব্রিফিং করা হবে বলে জানিয়েছে টেকনাফস্থ ২ বর্ডার গার্ড সদর দফতরর সূত্র।
অপরদিকে, মঙ্গলবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকা বিজিবি ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজের কাছে মঙ্গলবার কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন ও বিজিপির মংডু এক নম্বর কমান্ডিং অফিসারের সঙ্গে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশের পক্ষে ৬ সদস্যের বিজিবি দলের নেতৃত্ব দেন কক্সবাজার ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল ইমরান উলাহ সরকার এবং মিয়ানমারের ৬ সদস্যের নেতৃত্ব দেন মংডু ব্রাঞ্চ অধিনায়ক পুলিশ লে. কর্নেল ছ্যা জায়ের লিন।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো ৩৪ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক শাহরিয়ার হোসেন স্বাক্ষরিত তথ্য বিবরণীতে এ বৈঠক সম্পর্কে জানানো হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ পরস্পরকে সীমান্ত সংশ্লিষ্ট বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার ব্যাপারে সম্মত হন।
সায়ীদ আলমগীর/এআরএস/পিআর