ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটা সিলগালা, জরিমানা

প্রকাশিত: ০২:৫০ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

কক্সবাজারের উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের গহীন পাহাড়ে মেসার্স ইসহাক ট্রেডার্স ব্রিকস্ নামক অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে র‌্যাব-৭। এসময় ইটভাটাটি উচ্ছেদ ও সিলগালা করে দিয়ে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

কক্সবাজারস্থ র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিনের নেতৃত্বে র্যাব সদস্যরা মঙ্গলবার বিকেলে এ অভিযান চালায়।

র‌্যাব সূত্র জানায়, প্রায় ৫ ঘণ্টাব্যাপী চালানো অভিযানে ভাটার মালিক আওয়ামী লীগ নেতা মো. ইসহাক কোনো কাগজ দেখাতে পারেননি। বরং ইটভাটাটি বনবিভাগের জমিতে সামাজিক বনায়নের গাছ উজাড় করে এবং জোরপূর্বক বন দখল করে করা হয়েছে। স্থানীয় পরিবেশ অধিদফতরের অনুমতি বিহীন ইট উৎপাদন ও বিক্রয় করছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরওয়ার কামাল, পরিবেশ অধিদফতরের পরিদর্শক মমিনুল ইসলাম।

পরিবেশ অধিদফতর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন এবং পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ভাটা মালিককে নগদ সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভাটাটি সিলগালা এবং উচ্ছেদ করা হয়েছে।

এ ব্যাপারে জানতে ভাটার মালিক মো. ইসহাকের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কক্সবাজারস্থ র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন ও নাইক্ষ্যংছড়ির ইউএনও এস এম সরওয়ার কামাল বলেন, গহীন বনে থাকা বাকি ইটভাটা গুলোতেও অভিযান চালানো হবে।

সায়ীদ আলমগীর/এফএ/পিআর