যশোরে গৃহবধূকে গুলির ঘটনায় স্বামীর বিরুদ্ধে মামলা
যশোরে গৃহবধূ শান্তা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার স্বামী সুজনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মিয়ারব হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন।
দাম্পত্য কলহের জের ধরে শান্তাকে তার স্বামী অবৈধ অস্ত্র দিয়ে গুলি করে হত্যার চেষ্টা করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া যে অস্ত্র দিয়ে তাকে গুলি করা হয়েছে, সেটিও উদ্ধার হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বুধবার সকালে গুলিতে এক নারী আহত হওয়ার সংবাদ পেয়ে এসআই মিয়ারব হোসেন শহরের পালবাড়িতে তারিকুজ্জামান সুজনের বাড়িতে যান। সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারেন, সকাল ৬টার দিকে সুজন তার স্ত্রী জান্নাতুন্নেছা শান্তাকে (৩২) গুলি করে পালিয়েছে। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। গুলিবিদ্ধ জান্নাতুন্নেছা শান্তা বর্তমানে খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) মিয়ারব জানান, শান্তার স্বামী সুজন আমেরিকা প্রবাসী। দীর্ঘদিন সেখানে থাকার পর সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। দেশে থাকাকালীন তিনি নানা অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। সে কারণে আমেরিকা গিয়ে আশ্রয় নেন। দেশে ফেরার পর স্ত্রীর সঙ্গে নানা ধরনের ঝামেলায় জড়িয়েছেন।
স্ত্রীকে তিনি নানাভাবে সন্দেহ করতেন। সেকারণে সৃষ্ট গোলযোগকে কেন্দ্র করে তিনি অবৈধ অস্ত্র দিয়ে স্ত্রীকে গুলি করে হত্যার চেষ্টা চালান। তবে পুলিশ তাকে আটক করতে পারেনি।
বুধবার এ ঘটনার পর শান্তার ভাসুর কাজলের স্ত্রী লাভলী ও ছেলে ছাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয় পুলিশ। পরে রাতে তাদের ছেড়ে দেয়া হয়।
এদিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে শুক্রবার ভোর রাতে যশোর কোতোয়ালি থানার এএসআই সঞ্জয় কুমার বাড়ৈ অভিযান চালিয়ে তারিকুজ্জামানের বাড়ির সামনে একটি আম গাছের নিচ থেকে একটি ওয়ানশুটার গান উদ্ধার করেছেন। ওই অস্ত্রটি দিয়ে স্ত্রী শান্তাকে তার স্বামী গুলি করেছে বলে পুলিশ দাবি করেছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় এএসআই সঞ্জয় কুমার বাড়ৈ বাদী হয়ে তারিকুজ্জামান সুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের নামে থানায় মামলা করেছেন। অস্ত্রটি উদ্ধারের পর এবার তার স্বামীকে আটকের জন্য খুঁজছে পুলিশ।
যশোর কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন জানান, পুলিশ অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হয়েছে গৃহবধূ শান্তাকে গুলি করার ঘটনায় তার স্বামী সুজন জড়িত।
মিলন রহমান/আরএআর/পিআর