ভৈরব নদ থেকে ৮টি বাঁশের বেড়া উচ্ছেদ
যশোরে ভৈরব নদ থেকে ৮টি অবৈধ বাঁশের বেড়া উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার বিরামপুর কালীবাড়ি থেকে বোলপুর পর্যন্ত ৪ দশমিক ৬০ কিলোমিটর এলাকায় অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা ভৈরব নদে বাঁশের বেড়া দিয়ে অবৈধভাবে মাছ চাষ করে আসছে।
সম্প্রতি নদ খননে সার্ভে কাজ পরিচালনায় বাধা সৃষ্টি করে অবৈধ বাঁশের বেড়া। এ জন্য উচ্ছেদ অভিযান শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, ভৈরব নদ খনন প্রকল্পের সার্ভে করার জন্য অবৈধ বাঁশের বেড়া উচ্ছেদ করা হয়। দুই দিনের অভিযানে ৮ কিলোমিটার এলাকা থেকে ১১টি বেড়া উচ্ছেদ করা হয়।
বুধবার ৮টি বেড়া উচ্ছেদ করা হয়েছে। এছাড়া বাকি তিনটি বেড়া গত বৃহস্পতিবার উচ্ছেদ করা হয়। শহরের বাবলাতলা ব্রিজ থেকে শানতলা এলাকা পর্যন্ত পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চলছে।
তিনি আরও জানান, ভৈরব বেসিন এলাকা জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন’ সার্ভে কাজ পরিচালনায় বাধা হয়ে দাঁড়িয়েছে অবৈধ বাঁশের বেড়া (পাটা)। এজন্য উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) শামসুজ্জোহা ও র্যাব এবং বিপিএন সদস্যরা।
মিলন রহমান/এএম/এমএস