গাজীপুরে ৪টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
গাজীপুরে চারটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মেহেদী ইমামের নেতৃত্বে গাজীপুর সিটি কর্পোরেশনের জয়েরটেক ও বাইমাইল এলাকায় অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের জয়েরটেক ও বাইমাইল এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালিত হচ্ছিল- এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
পরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে চারটি ইটভাটার আগুন প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে নিভিয়ে দেয়। পরে ড্রেজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।
ভেঙে ফেলা ইটভাটাগুলো হচ্ছে, জয়েরটেক এলাকায় ইসমাইল হোসেনের মালিকানাধীন মের্সাস ইসমাইল অ্যান্ড কোং ও একই এলাকার নাজিম উদ্দিনের মালিকানাধীন মের্সাস এমএইচবি ব্রিকস, বাইমাইল এলাকায় জিয়াউল আলমের মালিকানাধীন মের্সাস আলম ব্রাদার্স সিন্ডিকেড এবং ফজলু মিয়ার মালিকানাধীন ব্রিকলিংকাস ব্রিকস লিমিটেড।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুরের পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক সোনিয়া সুলতানা, পরিবেশ অধিদফতরের (সদর দফতর) সহকারী পরিচালক সালমান রহমান, গাজীপুরের পরিবেশ অধিদফতরের পরিদর্শক মির্জা আসাদুল কিবরিয়া, অনিতা ঘোষ, উত্তম কুমার ও জিয়াউর রহমান। এছাড়া সহযোগিতা করেছে গাজীপুর জেলা পুলিশ, জয়দেবপুর ফায়ার সার্ভিস ও এলজিইডিসহ স্থানীয়রা।
পরিবেশ অধিদফতরের গাজীপুর অঞ্চলের উপ-পরিচালক সোনিয়া সুলতানা জানান, ওসব ইটভাটার পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেই। ইটভাটাগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল।
গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় অবৈধভাবে অনেক ইটভাটা রয়েছে। উচ্চ আদালতে রিট করায় ওসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যাচ্ছে না। তবে অবৈধ ইটভাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম