ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে পুড়ে গেছে রেললাইনের স্লিপার

প্রকাশিত: ০২:২৬ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর বাজার এলাকায় রেল সেতুর পাশে রাখা স্তুপকৃত ঝুটের বস্তায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি রেল সেতুর কয়েকটি পিলার ও স্লিপার পুড়ে গেছে। ফলে ওই রুটে রেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। তবে এ রুটে ডুয়েল লাইন থাকায় অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

এলাকাবাসী ও টঙ্গী ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ রেল রুটের টঙ্গীবাজার এলাকার পশ্চিমপাশের রেল ব্রিজের পাশে স্তুপ করে রাখা পলিথিন ও ঝুটের বস্তায় সকালে আগুন লাগে। এসময় স্থানীয়রা এবং খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে।

টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আতিকুল রহমান জানান, পলিথিনের বস্তা থেকে সৃষ্ট আগুনে পশ্চিমপাশের রেল ব্রিজের পিলার এবং কয়েকটি স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই ব্রিজ দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।  

তবে অপর ব্রিজ দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

আমিনুল ইসলাম/এফএ/আরআইপি