শার্শায় ছাত্রলীগ নেতা হত্যা : মরদেহ নিয়ে বিক্ষোভ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে যশোরের শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামে ছাত্রলীগ নেতা বিপ্লব হোসেন সম্রাট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান আসামি রাজুকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি পাওয়া যায় বলে দাবি পুলিশের। তবে তার স্বজনেরা জানায়, গ্রেফতারের সময় তার কাছে অস্ত্র ছিল না। গ্রেফতার রাজু মাটিপুকুর গ্রামের মিয়াজ উদ্দিনের (নেদা) ছেলে।
এদিকে, রোববার সন্ধ্যায় নিহত বিপ্লবের মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে আওয়ামী লীগের মেয়র গ্রুপের সমর্থকরা।
সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরো গ্রাম নিরব, থমথম অবস্থা বিরাজ করছে। পুলিশ টহল দিচ্ছে গ্রামে। ওই গ্রামের যাদের নামে মামলা করা হয়েছে তারা সবাই বাড়ি ছাড়া। এখনো পুড়িয়ে দেয়া বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছে।
এর আগে ময়নাতদন্ত শেষে নিহত বিপ্লবের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেলে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। তার স্বজনদের কান্নায় এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বলেন, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা সদর ইউনিয়নের কাজিরবেড় গ্রাম থেকে রাজুকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। তিনি ছাত্রলীগ নেতা বিপ্লব হত্যা মামলার প্রধান আসামি।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মো. জামাল হোসেন/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান
- ২ ৫৪ বছরে কারো আন্তরিকতায় প্রশ্ন তুলতে চাই না: ডা. শফিকুর রহমান
- ৩ ‘একটি দলের প্রধান নিজের অফিস থেকে জামায়াত আমিরের আইডি হ্যাক করেছেন’
- ৪ আসন পুনরুদ্ধার চাইবে বিএনপি, জামায়াতের সামনেও প্রথম সুযোগ
- ৫ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে তিন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেবে ইইউ