ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বুড়িগঙ্গায় ট্রলার ডুবির ঘটনায় আরো ১ মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৭:৪৩ এএম, ০৩ এপ্রিল ২০১৫

নারায়ণগঞ্জের বুড়িগঙ্গায় ট্রলার ডুবির ঘটনায় জামিলা খাতুন (৬৫) নামে আরো একজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা।  শুক্রবার বেলা সাড়ে ১১টায় বুড়িগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জামিলা খাতুন ঢাকার লালবাগের শহিদ নগর এলাকার মৃত আব্দুর রশিদের স্ত্রী।  নিহতের ছেলে আব্দুল করিম তার মায়ের লাশ দেখে সনাক্ত করে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় মতলবের লেংটার মেলা থেকে ঢাকা লালবাগ যাওয়ার পথে নারায়ণগঞ্জ ফতুল্লার আলীগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার মধ্যবর্তী স্থানে বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেড ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৮ জনের ৮জনের মরদেহ উদ্ধার করেন ডুবরীরা।

এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছে। শুক্রবার ভোর থেকে ৬জনের পরিবারের লোকজন নারায়ণগঞ্জ ফতুল্লার আলীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অপেক্ষার প্রহর গুনতে দেখা যায়। আর বেলা সাড়ে ১১টায় জামিলা খাতুনের মরদেহ উদ্ধার হওয়ার পর নিখোঁজদের পরিবার এই আশায় আছেন যে, স্বজনদের মরদেহও নদীতে ভেসে উঠবে।

নিখোঁজদের মধ্যে রয়েছে লালবাগ শহীদ নগর এলাকার রাজকুমারের ছেলে রাসেল (২২), একই এলাকার কোরবান আলীর ছেলে আলমগীর (৩০), মৃত. ওহায়েদ আলীর ছেলে সামাদ মিয়া (২০), মানিক মিয়ার ছেলে কাজল (২৮), ও মৃত. হোসেন আলীর ছেলে জালাল (৫৫)।

নিখোঁজ রাসেলের মা নাজমা বেগম জানান, বৃহস্পতিবার রাতে ছোট ভাই রুবেলের মরদেহ নিয়ে বাড়িতে যেতে হয়েছে। কিন্তু নিজের সন্তানকে এখনো খুঁজে পাওয়ায় যাচ্ছে না। তার সন্ধ্যানে ভোর থেকে বুড়িগঙ্গা নদীর তীরে অপেক্ষা করছি। তার ছেলে মতিঝিল একটি ব্যাংকে নতুন চাকুরি পেয়ে দুই মাস  পূর্বে বিয়ে করেছেন। এলাকার অনেকের সাথে ওই ট্রলারে করে লেংটার মেলায় আসেন।
 
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এবিএম মমতাজউদ্দিন জানান, ফায়ার সার্ভিসের একটি দল ভোর থেকে অনুসন্ধান করে জামিলা খাতুন নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকীদের উদ্ধারের চেষ্টা চলছে।

এসএইচএ/এমএস