ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফতুল্লায় পোশাক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১১:০৭ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নূরুল আলম তানজিল (৪৫) নামে এক পোশাক কারখানার কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে কাশিপুর পশ্চিম দেওয়ানবাড়ি এলাকায় পিয়ার আলীর নির্মাণাধীন ভবনের একটি কক্ষ থেকে এ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পোশাক কর্মকর্তা তানজিল চাঁদপুরের প্রজাপতি এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি কাশিপুর বাংলাবাজার আমবাগান এলাকাস্থ হ্যাপি ভিলায় সপরিবার নিয়ে বসবাস করতেন। তার দুই ছেলে এক মেয়ে রয়েছে।   

নিহতের স্ত্রী হাবিবা আক্তার জানান, তার স্বামী তানজিল ফতুল্লার কাঠেরপুল এলাকাস্থ আলী অ্যাপারেলস অ্যান্ড ডাইং শিল্প প্রতিষ্ঠানে ইনচার্জ হিসেবে কর্মরত।

স্ত্রী-সন্তানদের নিয়ে তাদের সুখের সংসার খুব ভালোভাবে চলছিল। শুক্রবার সন্ধ্যায় তার আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে সবাইকে বাসায় দিয়ে রসুলপুর নামক এক ডাইংয়ে যাওয়ার কথা বলে বাসা হতে বের হন তিনি।

রাতে বাসায় না ফেরায় তার ব্যবহ্নত মোবাইলে ফোন করা হলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। শনিবার সকালে কাশিপুর পশ্চিম দেওয়ান বাড়ির পিয়ার আলীর নির্মাণাধীন ভবনের একটি কক্ষে এলাকাবাসী তার ঝুলন্ত মরদেহ দেখে। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পান তারা।

ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহজালাল জানান, মরদেহে দেখে ধারণা করা হচ্ছে তানজিল নির্মাণাধীন ওই কক্ষে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তারপরও মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে হত্যা না আত্মহত্যা।

মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম