বাবার সঙ্গে বিরোধে ছেলেকে ফাঁসিয়ে দিল পুলিশ!
বাবার সঙ্গে বিরোধের জেরে ফেনসিডিল দিয়ে ছেলেকে ফাঁসিয়ে দিল পুলিশ। এমন অভিযোগ করেছেন যশোরের মানবাধিকার সংগঠক রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের নির্দেশে সাদা পোশাকের পুলিশ বিনয় কৃষ্ণ মল্লিকের ছেলে সবুজ মল্লিককে যশোর শহরের গাড়িখানাস্থ ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে গত ৯ মার্চ তুলে নিয়ে যায়। এরপর ৫০ বোতল ফেনসিডিল দিয়ে খুলনার ফুলতলা থানার টহল পুলিশের হাতে তুলে দেয়।
সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত মানবাধিকার সংগঠক বিনয় কৃষ্ণ মল্লিক।
তিনি বলেন, এসপির নেতৃত্বে পুলিশের দখলদারিত্বের প্রতিবাদ করায় তার পরিবার নির্যাতনের শিকার হচ্ছেন। সর্বশেষ নিপীড়নের শিকার হল তার ছেলে সবুজ মল্লিক। এর আগে তাকে ‘মানব পাচারকারী’ হিসেবে থানায় ছবি ঝুলানো এবং তার ছেলের নামে বোমা হামলা মামলা দেয়া হয়।
লিখিত বক্তব্যে বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, শহরের গাড়িখানা রোডে সরকারের কাছ থেকে এপি ২০-৭২ খাসজমি বরাদ্দ নিয়ে প্রায় শত বছর ধরে বসবাস ও ব্যবসা করছিল ৪০টি পরিবার।
গতবছর পুলিশ পুলিশ গায়ের জোরে অস্ত্রের মুখে তাদের উচ্ছেদ করে ওই জমি দখল করে। মানবাধিকার কর্মী হিসেবে পুলিশের এ দখলদারিত্বের প্রতিবাদ করায় আমাকে শায়েস্তা করতে মাঠে নামে দুর্নীতিবাজ এসপি। এরই অংশ হিসেবে সর্বশেষ সবুজকে ফেনসিডিল মামলায় ফাঁসানো হয়েছে।
বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, ৯ মার্চ রাত ৮টার দিকে সবুজ যশোর শহরের গাড়িখানা রোডস্থ মোবাইল ফোনের ফ্ল্যাক্সিলোড ও বিকাশের নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিল। দোকানের অদূরে ন্যাশনাল ব্যাংকের সামনে পৌঁছানোর সাথে সাথে সাদা পোশাকের পুলিশ তাকে চোখ ও হাত বেঁধে গাড়িতে করে নিয়ে যায়।
এ সময় সবুজের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বন্ধ করে দেয়া হয়। ঘটনার দিন রাত ৮টা ১৫ মিনিট ৩৮ সেকেন্ডে যশোর শহরের ম্যাগপাই টাওয়ারের অধীনে নম্বরটি বন্ধ করা হয়। যা কল লিস্ট তুলে জানতে পারি।
এর পরদিন খুলনার ফুলতলা থানা থেকে পরিবারকে জানানো হয় সেখানে ফেনসিডিলসহ সবুজকে আটক করা হয়েছে।
বিনয় মল্লিক জানান, যে ছেলে ধূমপান পর্যন্ত করে না তাকে মাদকসহ আটক দেখিয়ে ফাঁসানো হয়েছে যশোরের এসপির ষড়যন্ত্রে। ক্ষমতার অপব্যবহারকারী এসপি আনিসুর রহমানকে দুর্নীতিবাজ অ্যাখ্যা দিয়ে তাকে বরখাস্ত ও তার দুর্নীতির বিচার দাবি করেন মানবাধিকার সংগঠক বিনয় কৃষ্ণ মল্লিক।
সংবাদ সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন রাইটস যশোরের সহ-সভাপতি অ্যাডভোকেট মাসুমা আক্তার, সদস্য মিজানুর রহমান।
অভিযোগের বিষয়ে পুলিশ সুপার সাংবাদিকদের জানিয়েছেন, জমি নিয়ে পুলিশের সঙ্গে বিনয় কৃষ্ণ মল্লিকের একটি মামলা বিচারাধীন রয়েছে।
এ নিয়ে তিনি একাধিকবার সংবাদ সম্মেলন করলেন। দুদকসহ বিভিন্ন দফতরে তিনি আমার বিরুদ্ধে দরখাস্তও করেছেন। তবে বিনয় কৃষ্ণ মল্লিকের ছেলে সবুজ মল্লিককে আটকের বিষয়ে তার কোনো ভূমিকা নেই বলেও দাবি করেন এসপি আনিসুর রহমান।
মিলন রহমান/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিল
- ২ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- ৩ মাদক শুধু ব্যক্তিকে নয় সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়: সংস্কৃতি মন্ত্রী
- ৪ ‘পানিতে ডুবে কাঁচা ধান চোখের সামনে পচে যাচ্ছে, চিন্তায় ঘুম অয় না’
- ৫ মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের ভরাডুবি