পেকুয়ায় অপহৃত ছাত্রী চট্টগ্রাম থেকে উদ্ধার
কক্সবাজারের পেকুয়ার স্কুলছাত্রী নাসরিন সুলতানা লিলি অপহরণের ৭৯ দিন পর অবশেষে চট্টগ্রাম মহানগর থেকে উদ্ধার করা হয়েছে।
অপহরণের অভিযোগে শাকের উল্লাহ নামে এক যুবককে আটক করে পুলিশ। অপহৃত লিলি পেকুয়া বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
বুধবার সকালে চট্টগ্রাম মহানগরের হালিশহরের পানির ট্যাংক এলাকার এ-ব্লকের শফি কোম্পানির ভাড়া বাসা থেকে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারী দলের সদস্য শাকের উল্লাহকে আটক করা হয়। শাকের উল্লাহ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোস্তাক আহমদের ছেলে।
পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভুইয়া বলেন, গত বছরের ২৭ ডিসেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নাসরিন সুলতানা লিলিকে অপহরণ করে নিয়ে যায় শাকের উল্লাহর নেতৃত্বে একদল দুর্বৃত্ত।
এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা বাদী হয়ে আদালতে মামলা করেন। ওই মামলার পর থেকে অভিযুক্তরা ভিকটিমসহ গা ঢাকা দেয়। পুলিশ খোঁজ করলেও তাদের সন্ধান পাচ্ছিল না।
অবশেষে দীর্ঘ ৭৯ দিন পর সোর্স থেকে খবর পেয়ে অভিযান চালিয়ে হালিশহর থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী হিসেবে অভিযুক্তকে আটক করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষা শেষে আদালতে ২২ ধারায় জবানবন্দি নেয়া হবে। আর আটক শাকের উল্লাহকে আদালতের মাধ্যমে সন্ধ্যায় জেল হাজতে পাঠানো হয়েছে। অপহরণে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তবে স্থানীয় একটি সূত্র দাবি করেছে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে লিলি স্বেচ্ছায় শাকের উল্লাহর সঙ্গে পালিয়ে যান এবং তারা ঘর সংসার করে আসছেন।
সায়ীদ আলমগীর/এএম/জেআইএম