শিক্ষকতাকে ইবাদত মনে করুন : গণশিক্ষামন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন, গতকাল পর্যন্ত যে যা করেছেন ভুলে যান, কত ঘণ্টা স্কুল করেছেন সেটা বড় কথা নয়। এই মুহূর্ত থেকে শিক্ষকতাকে ইবাদত মনে করুন। সবাই মিলে স্কুলের এমন একটা পরিবেশ তৈরি করুন, যেখানে অভিভাবকরা তাদের সন্তানদের পাঠাতে আগ্রহী হবেন।
তিনি বলেন, আমরা এমন শিক্ষক চাই, যারা চোখ বন্ধ করলে দেখতে পান বাংলাদেশ। কারণ এমন শিক্ষকরাই জাতি গঠনে ভূমিকা রাখেন।
শনিবার দুপুরে যশোরে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণশিক্ষামন্ত্রী। যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে গণশিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার গুরুত্ব বুঝে বঙ্গবন্ধু সর্বপ্রথম প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন। তিনি আমাদের পথিকৃৎ। তিনিই আমাদের মডেল।
গণশিক্ষামন্ত্রী আরও বলেন, দেশ গঠনে প্রাথমিকে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আন্তরিকতার সঙ্গে এখানে কাজ করা দরকার। বর্তমান শিক্ষাব্যবস্থার উন্নয়নে আওয়ামী সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যত দলই আসুক যত কথাই বলুক দেশের উন্নয়নে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। এতে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়ালিয়ার রহমান, পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুজ্জামান, পুরাতন কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শেখ আব্দুল মতলেব বাবু প্রমুখ।
মিলন রহমান/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুর
- ২ ‘দিনরাত মাদক আর চিনি আসে বর্ডার দিয়ে, এসব বন্ধ হওয়া দরকার’
- ৩ সংখ্যালঘুদের সম্পদের দিকে লাল চোখ দিয়ে তাকালে রাষ্ট্র চোখ তুলে ফেলবে
- ৪ জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের দায়ে একজনের কারাদণ্ড
- ৫ সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি—এটাই বিএনপির নীতি: গোলাম পরওয়ার