ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মা সেতু নির্মাণে এক মাসের ভাতা দেয়ার আহ্বান মুক্তিযোদ্ধাদের

প্রকাশিত: ১০:২৮ এএম, ০৮ এপ্রিল ২০১৭

পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে সারাদেশের মুক্তিযোদ্ধাদের এক মাসের ভাতার টাকা প্রদানের আহ্বান জানানো হয়েছে। যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধারা সংবাদ সম্মেলনে করে এ আহ্বান জানান।

শনিবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযুদ্ধকালীন ফরিদপুরের আলফাডাঙ্গা ফিল্ড কমান্ডার জসিম উদ্দিন জাবের।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। এটি একটি অনন্য দৃষ্টান্ত। এরই ধারাবাহিকতায় আমরা মুক্তিযোদ্ধারা ইচ্ছা করলে আরও একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারি। মুক্তিযোদ্ধারা এক মাসের সম্মানি ভাতার টাকা পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে দান করে আরেকটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মুক্তিযোদ্ধাদের এক মাসের সম্মানি ভাতার টাকা এমন কিছু নয়। যখন ৩০০, ৫০০ এবং ৫ হাজার টাকার সম্মানি ভাতা পেয়েছি, তখনো আমাদের জীবনজীবিকা চলেছে। তাই এক মাসের সম্মানির টাকা পদ্মাসেতু প্রকল্পে দিলে আমাদের তেমন কোনো অসুবিধা হবে না।

মুক্তিযোদ্ধারা বলেন, বর্তমানে সারা দেশে এক লাখ ৬০ হাজার মুক্তিযোদ্ধা ১০ হাজার টাকা করে সম্মানি ভাতা পান। যা মোট ১৬০ কোটি টাকা দাঁড়ায়। এই টাকা দিলে পদ্মাসেতু নির্মাণে সহায়ক হবে। এই বিষয়ে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ সংশ্লিষ্টরা ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আশাবাদী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যশোর সদরের ফতেপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হাসেম আলী, সাবেক কমান্ডার আবু মুসা, আবদুল মজিদ, সাবেক ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, মোজাহার মোল্যা, আইয়ুব আলী, সাইদুর রহমান প্রমুখ।

মিলন রহমান/এএম/জেআইএম