ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় আ.লীগ বিদ্রোহী প্রার্থীর নির্বাচন বর্জন

প্রকাশিত: ০৯:২৯ এএম, ১৬ এপ্রিল ২০১৭

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) গোলাম সারোয়ার সরকার।

রোববার বেলা ২টার দিকে জিয়াকান্দিস্থ বাস ভবনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি। জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে লড়ছিলেন তিনি।

সাংবাদিক সম্মেলনে বক্তব্যে গোলাম সারোয়ার সরকার বলেন, আওয়ামী লীগের প্রার্থী আলী আশারফ (নৌকা) তার লোকজন দিয়ে প্রতিটি কেন্দ্রে ব্যাপক ভোট কারচুপি ও কেন্দ্র দখল করেছে।

এ নির্বাচনকে তিনি প্রহসনের নির্বাচন আখ্যায়িত করে নির্বাচন বর্জনের এই ঘোষণা দেন। এই ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটার রয়েছে ১৩ হাজার ১৮২ জন।

উল্লেখ্য, গত ইউপি নির্বাচনে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মনির হোসাইন সরকার (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

গত বছরের ৮ নভেম্বর তিনি দুর্বৃত্তের হাতে খুন হন। পরবর্তীতে ওই চেয়ারম্যান পক্ষের পাল্টা হামলায় গত ১ এপ্রিল মারা যান চেয়ারম্যান হত্যা মামলার আসামি মোহাম্মদ আলী ও ৫ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একই সময়ে হামলায় আহত আবু সাঈদ।

আধিপত্য বিস্তার ও ক্ষমতার দ্বন্দ্বে গত এক যুগে জিয়ারকান্দি ইউনিয়নের নির্বাচিত তিনজন চেয়ারম্যাসহ অন্তত আটজন খুন হয়েছেন।

মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি