ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় ভুল প্রশ্নপত্র : দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৬ এপ্রিল ২০১৭

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন দুটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণ করায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুল খালেক। রোববার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবরে এ চিঠি প্রেরণ করা হয়।

জানা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এইচএসসি পরীক্ষায় গত বুধবার পৌরনীতি প্রথমপত্র ও জীববিজ্ঞান প্রথমপত্রের নৈর্ব্যক্তিক প্রশ্নের পরিবর্তে উভয় বিষয়ের দ্বিতীয়পত্রের প্রশ্ন দুটি পরীক্ষাকেন্দ্রে বিতরণ করা হয়।

কেন্দ্র দুটি হচ্ছে কুমিল্লার নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজ ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। এ বিষয়ে শিক্ষাসচিবের সঙ্গে আলোচনা করে পৌরনীতি ও জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন জরুরিভিত্তিতে ছাপার পর গত শনিবার পরীক্ষা নেয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, নাঙ্গলকোটের ঘটনায় বোর্ডের সচিব প্রফেসর মো. আবদুস ছালামকে আহ্বায়ক করে একটি এবং ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জামাল নাসেরকে আহ্বায়ক করে আরেকটি কমিটি গঠন করা হয়। উভয় কমিটি সরেজমিন তদন্তপূর্বক গত ১৩ এপ্রিল বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দাখিল করে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুল খালেক জানান, তদন্ত প্রতিবেদনের আলোকে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের পরীক্ষা পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং পরবর্তী পরীক্ষাগুলো গ্রহণের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রে নতুন করে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এসব বিষয়ে দায়ীদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম