ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদক ব্যবসায় বাধা দেয়ায় যুবককে পিটিয়ে হত্যা, আটক ৬

প্রকাশিত: ০৯:০৩ এএম, ১৭ এপ্রিল ২০১৭

এলাকায় ইয়াবা ও মাদক বিকিকিনিতে বাধা দেয়ায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে পিটিয়ে নির্মমভাবে খুন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ৬ যুবককে আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী মাছুয়াখালী মসজিদের পূর্বপাশ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম জিয়া উদ্দিন ফয়সাল (২০)। তিনি পিএমখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরুল আলমের ছেলে এবং  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের ৪র্থ সেমিস্টারের ছাত্র।

আটকরা হলেন, রেজাউল করিম (২৫), নুরুল হাকিম (২০), রমজান আলী (২৩), রুবেল (২১), শাহীন (২২) ও মনি আলম (২৪)। সবাই পিএমখালীর স্থানীয় বাসিন্দা।

নিহতের চাচা বেদারুল আলম জানান, আটক চক্রটি এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক বিকিকিনি করতো। তাদের এসব অপকর্মের বিরুদ্ধে বাধা দিত ফয়সাল। এরপরও তাদের অপকর্ম বন্ধ না হওয়ায় এলাকার শিক্ষার্থীদের নিয়ে একটি মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলতে জনমত তৈরি করছিল সে। এটি ভাল চোখে দেখেনি মাদক ব্যবসায়ীরা।

তারা রোববার রাতে স্থানীয় নুর মো. চৌধুরীর বাজার এলাকা থেকে তাকে ধরে মাছুয়াখালী মসজিদের পূর্বপাশে নিয়ে পিটিয়ে অচেতন অবস্থায় ফেলে চলে যায়। খবর পেয়ে পুলিশ এসে পরিবারের লোকজনের সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

কক্সবাজার সদর থানার অপারেশন অফিসার এসআই মাঈন উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পিএমখালীর কমিউনিটি ক্লিনিক ও মসজিদের পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তার মরদেহ মর্গে রেখে এলাকাবাসীর সহায়তায় ঘটনায় জড়িত ৪ জনকে রাতে ও দুজনকে সোমবার সকালে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ফয়সালকে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে।

এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার দুপুরে নিহতের সহপাঠী ও শিক্ষার্থীরা কলাতলীর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় মানববন্ধন করেছে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস