ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে ৩ মিষ্টির দোকানে জরিমানা

প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১৮ এপ্রিল ২০১৭

যশোরে তিন মিষ্টির দোকানে অভিযান চালিয়ে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে শহরের ঘোপ কবরস্থান এলাকার অনন্যা ঘোষ ডেয়ারির কারখানায়, চৌরাস্তা রেল রোড এলাকার অনন্যা রেস্তোরাঁ ও জলযোগ থেকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ ও ফারজানা নাসরীন।

আদালতের পেশকার বদিউজ্জামান মুঠোফোনে জানান, প্রেসক্লাবের পাশে অনন্যা ঘোষ ডেয়ারির কারখানা শহরের ঘোপ কবরস্থানের পাশে। সেখানে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইনের ৪১ ধারায় এক লাখ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

এছাড়া শহরের রেল রোডে জলযোগেও অস্বাস্থ্যকর পরিবেশ ছিল। এছাড়া সেখানে কেজি প্রতি ১১৫ গ্রাম মিষ্টি কম দেয়ার প্রমাণ পান আদালত। এ সময় ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪৩ ও ৪৬ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে, রেলরোড এলাকার অনন্যা রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি করার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরীন। জেলার স্যানিটারি ইন্সপেক্টর শিশির কান্তি পাল এ সময় উপস্থিত ছিলেন।

মিলন রহমান/এএম/এমএস