বাল্যবিয়ে রোধে মোবাইল অ্যাপ
বাল্যবিয়ে রোধে মোবাইল অ্যাপের মাধ্যমে বয়স যাচাই ও বিয়ে নিবন্ধন করার একটি প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটি উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
প্রধানমন্ত্রীর কার্যালয়, কুড়িগ্রাম জেলা ও গাজীপুর জেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করা হয়। অ্যাপটি ব্যবহার করে *১৬১০০# নম্বরে ম্যাসেজের মাধ্যমে বর ও কনের বয়স জানা যাবে।
‘যদি মেয়ের বয়স ১৮ আর ছেলের বয়স ২১ আজ, যাচাই শেষে করুন বিয়ে নিবন্ধনের কাজ` প্রতিপাদ্যকে সামনে রেখে পাইলট প্রকল্প হিসেবে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে।
এ উপলক্ষ্যে গাজীপুর জেলা প্রসাশকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, জেলা প্রশাসক এসএম আলম, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারজানা মান্নান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ইফতেরা উদ্দিন আহমেদ।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বাল্যবিয়ে রোধ করতে পারলে দেশে নারী নির্যাতন কমানো সম্ভব হবে। ২০১৮ সালের মধ্যে দেশে বাল্যবিয়ে সম্পূর্ণ বন্ধ করা হবে।
আমিনুল ইসলাম/এফএ/জেআইএম