ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১৭৮ জন পেলেন স্বাবলম্বী সহায়ক উপকরণ

প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৯ এপ্রিল ২০১৭

যশোরের ঝিকরগাছা উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর উন্মুক্ত মঞ্চে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর এ ঘোষণা দেন। অনুষ্ঠানে ১৭৮ জন ভিক্ষুককের কর্মসংস্থান ও পুনর্বাসন উপকরণ বিতরণ করা হয়েছে।

ঝিকরগাছা উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার লক্ষে ১৭৮ জনকে পুনর্বাসনে জমি ও ১৭ লাখ ১৪ হাজার টাকার উপকরণ বিতরণ করা হয়েছে।

এর মধ্যে মধ্যে রয়েছে ৭৩ জনকে ৬ একর খাস জমি বন্দোবস্তের দলিল হস্তান্তর, ১১ ইউনিয়নের ১১৮ জনকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্য করে এক বছরের সঞ্চয় বাবদ ২ লাখ ৮৩ হাজার ২০০ টাকা প্রদান করা হয়েছে।

এছাড়া নয়জনকে ভ্যান, একজনকে গরু, ১২৯ জনকে ছাগল, ছয়জনকে চা ও পানের দোকান, ২১ জনকে বাদাম, ডিম, চানাচুরের দোকান, চারজনকে হাঁস মুরগি পালন, একজনকে মুদি দোকান ও ছয়জনকে কাঁঁচামাল, ফুটপাতের কাপড়, মনোহারি, ঝুড়িডালা বোনা, আইসক্রিম ব্যবসার উপকরণ প্রদান করা হয়েছে।

পুনর্বাসন কর্মসূচিতে চা দোকানের সম্পদ পাওয়া হাজিরবাগ ইউনিয়নের ইস্তা গ্রামের বাসিন্দা আনোয়ারা বেগম (৫৭) জানান, তার স্বামী আব্দুল অন্ধ মানুষ। তাই ৩০-৩৫ বছর ধরে ভিক্ষা করে সংসার চালাতেন। তার স্বামী আর ভিক্ষা করবে না। এখন থেকে চায়ের দোকান দিয়ে সংসার চালাবেন তারা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর বলেন, কর্মসংস্থানের জন্য আপনাদের চাহিদা মতো আর্থিক সহায়তা ও উপকরণ দেয়া হলো। এরপরও যদি আপনাদের কেউ ভিক্ষা করেন, তাহলে তাদের ধরে জেল হাজতে পাঠানো হবে।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানা, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদ আক্তার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার।

মিলন রহমান/এএম/এমএস