ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে দুই সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৭:৪৪ এএম, ২০ এপ্রিল ২০১৭

গাজীপুরের কালীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে ১০ কিলোমিটার এলাকার প্রায় দুই সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব এ তথ্য জানান। তিনি এ অভিযানে নেতৃত্বে দেন।কালীগঞ্জ পৌর এলাকার ৯টি পয়েন্টে বুধবার ও বৃহস্পতিবার এ অভিযান চালায় তিতাস গ্যাস টঙ্গী জোনের ভ্রাম্যমাণ একটি দল।

তিতাস গ্যাস টঙ্গী জোনাল অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে কালীগঞ্জ পৌরসভার উত্তর ভাদার্ত্তী, মুনশুরপুর, টেকপাড়া, মূলগাঁও, চরপাড়া, দেওপাড়া গ্রামের দুই ইঞ্চি বিতরণ লাইনের পাঁচটি ও এক ইঞ্চি বিতরণ লাইনের চারটিসহ মোট ৯টি পয়েন্টের ১০ কিলোমিটার এলাকার প্রায় দুই সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় দুই সহস্রাধিক রাইজার, এক ইঞ্চি ও ৩/৪ ইঞ্চি আড়াইশ পাইপ জব্দ এবং প্রায় তিন সহস্রাধিক ফুট পাইপ বিনষ্ট করা হয়।

এ সময় টঙ্গী জোনের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মেজবাউর রহমান, মো. আব্দুর রাজ্জাক, সহকারী প্রকৌশলী রিদওয়ানুজ্জামান, সহকারী ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, শাহ মো. এমদাদ, উপ-সহকারী প্রকৌশলী বদরুজ্জামান বাদল, টেকনেশিয়ান মো. মমতাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন ।

তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব বলেন, বৈধ গ্রাহকদের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের এ উদ্যোগ। আর এ কার্যক্রমের মাধ্যমে কালীগঞ্জ উপজেলা মোটামোটি অবৈধ সংযোগ মুক্ত হলো। তারপরও যদি কোথাও অবৈধ সংযোগের খবর পাই তাহলে প্রয়োজনে আবার অভিযান চালানো হবে।

তিনি জানান, বৈধ গ্রাহকদের বিল পরিশোধের সুবিধার্থে তিতাস গ্যাস কর্তৃপক্ষ দেশের ১০টি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। এর মধ্যে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) একটি। তাই স্থানীয় বৈধ গ্রাহকরা কালীগঞ্জ ইউসিবিএল শাখায় গ্যাস বিল পরিশোধ করতে পারবেন।

আব্দুর রহমান আরমান/আরএআর/পিআর