কালিয়াকৈরে আগুনে পুড়েছে ঝুটের চার গোডাউন
গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়েছে ঝুটের চারটি গুদাম ও মালামাল। শুক্রবার বিকেল উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সাভার ইপিজেড স্টেশন অফিসার হামিদ মিয়া এবং স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় আলমগীর হোসেনের ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন পাশের মনির, আলতাফ ও হারিজের ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর স্টেশনের দুইটি ইউনিট এবং সাভার ইপিজেটের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে চারটি গুদামে থাকা মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর