ইসির তদন্ত দল কুমিল্লায়
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) দুটি ভোট কেন্দ্রে সহিংসতার কারণে ভোটগ্রহণ স্থগিত থাকার ঘটনায় গঠিত তদন্ত কমিটির কর্মকর্তারা কুমিল্লায় গেছেন।
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান রোববার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কুমিল্লা সার্কিট হাউজে অবস্থান করে তদন্ত কাজ পরিচালনা করেন। এ সময় তিনি দুই কেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী, ভোটগ্রহণ কর্মকর্তা, প্রার্থী ও এজেন্টদের বক্তব্য শোনেন।
সেখানে উপস্থিত কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল সাংবাদিকদের জানান, দুটি কেন্দ্রে সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে মঙ্গলবার (২৫ এপ্রিল) পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে পর্যাপ্ত পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। পুনঃনির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্বিঘœ পরিবেশে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, ভোট কেন্দ্র দখল ও সহিংসতার ঘটনায় গত ৩০ মার্চ কুসিক নির্বাচনে নগরীর ২১নং ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর কুমিল্লা সরকারি সিটি কলেজ এবং ২৭নং ওয়ার্ডের চৌয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
কামাল উদ্দিন/আরএআর/পিআর