মেহেরপুরে ইউপি চেয়ারম্যান হত্যায় একজনের মৃত্যুদণ্ড
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাকি হত্যা মামলায় আসামি রওশন আলীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর একটি ধারায় রওশন আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টিএম মুসা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রওশন গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের নায়েব আলী মণ্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ১৩ এপ্রিল রওশন ও তার সঙ্গীরা কাজিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাকিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল কলেজ সংলগ্ন এলাকায় গুলি করে হত্যা করে। এ ব্যাপারে নিহতের ভাই সাজ্জাদুল স্বপন গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৬ জনকে আসামি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউসুফ আলী তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে চার্জশিট দেন।
দীর্ঘদিন বাদী-বিবাদী পক্ষের সাক্ষী ও আইনজীবীর যুক্তিতর্ক শেষে আসামি রওশন আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন বিজ্ঞ আদালত। অপর আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
এ মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন এপিপি কাজী শহীদুল ইসলাম এবং বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।
আসিফ ইকবাল/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ