ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চকরিয়ায় নতুন মসজিদ উদ্বোধন করলেন মেয়র নাছির

প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৮ এপ্রিল ২০১৭

চকরিয়া উপজেলার সাহারবিল পশ্চিম নয়াপাড়া নব নির্মিত জামে মসজিদের উদ্ধোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ আ জ ম নাছির উদ্দিন।

শুক্রবার দুপুরে ফলক উম্মোচনের মাধ্যমে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কক্সবাজার জেলায় চোখ পড়ার মতো উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয়েছে। ইতোমধ্যে মহেশখালী দ্বীপকে ডিজিটাল আইল্যান্ড দ্বীপ হিসেবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ধারাবাহিকতায় দোহাজারি থেকে কক্সবাজার রেললাইন, মাতারবাড়িতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার মেডিকেল, মেরিন ড্রাইভ সড়ক, এলএনএমজি টার্মিনাল নির্মাণ ও সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর স্থাপন সহ অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ড হাতে নিয়েছে। উন্নয়ন কাজের পাশাপাশি ইতোমধ্যে সারাদেশে ৫৬০টি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন সরকার।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এসব উন্নয়নকর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এক্ষেত্রে বার্তা বাহকের ভূমিকা পালন করতে হবে নেতাকর্মীদের।

এদিন সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাতামুহুরী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুলের সভাপতিত্বে মসজিদ চত্বরে অনুষ্ঠিত সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেনসহ স্থানীয় অনেকেই।

চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজ সংসদের ভিপি চকরিয়ার সাহারবিল ইউনিয়নের সন্তান আবু তাহেরের ব্যবস্থাপনায় নির্মিত মসজিদটি উদ্বোধন করতে আসেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

সায়ীদ আলমগীর/এমএএস/পিআর