ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

প্রকাশিত: ১২:১০ পিএম, ০৩ মে ২০১৭

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পড়েন নেতাকর্মীরা।

এ সময় যুবদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ তাদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে বাধার মুখে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল সাড়ে ৪টায় শহরের দেওভোগ এলাকা থেকে জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেনের নেতৃত্বে একটি মিছিল ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয় আসার পথে পুলিশের বাধার সম্মুধীন হয়। তখন পুলিশের সঙ্গে নেতাকর্মীদের তুমুল বাকবিতণ্ডা হয়। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম বলেন, জনস্বার্থ হানি হতে পারে সে আশঙ্কায় মিছিলকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়।

জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে মিছিলে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেক হোসেন, যুবদলের সেক্রেটারি শাহ আলম মুকুল, ফতুল্লা থানা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ইসমাইল হোসেন, লাভলু, আড়াইহাজার থানা যুবদলের আহ্বায়ক জুয়েল হোসেন, সোনারগাঁ থানা যুবদলের সভাপতি জাকির হোসেন বাবু, যুগ্ম সম্পাদক শহিদুল রহমান স্বপন, নূরে ইয়াসিন নোবেল হোসেন, রূপগঞ্জ থানা যুবদলের সভাপতি সালাউদ্দিন, জুম্মন সরকার, মনির হোসেন ও আব্দুর রাজু।

মো: শাহাদাত হোসেন/এএম/জেআইএম