ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় প্রথমবারের মতো বিনামূল্যে ‘হেপাটাইটিস বি’ পরীক্ষা

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১০ এপ্রিল ২০২৬

কুমিল্লার একটি গ্রামে প্রথমবারের মতো বিনামূল্যে হেপাটাইটিস বি পরীক্ষা করা হয়েছে। কুমিল্লা লিভার ক্লাব এ আয়োজন করে।

শুক্রবার (১০ এপ্রিল) জেলার লাকসাম উপজেলার মনপাল গ্রামের মোল্লা বাড়িতে এ আয়োজন করা হয়। এসময় বিনামূল্যে ডায়াবেটিসও পরীক্ষা করা হয়।

মনপাল গ্রামের নুর মিয়া মোল্লা, অহিদুল ইসলাম ও জাহানারা বেগম বলেন, ‌‘গ্রামে চিকিৎসা সেবা তেমন পাওয়া যায় না। মাঝে মধ্যে পাওয়া গেলেও বিনামূল্যে হেপাটাইটিস বি পরীক্ষা এবারই প্রথম। দামি পরীক্ষাটি বিনামূল্যে পেয়ে আমাদের উপকার হয়েছে।’

কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা লিভার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোহাম্মদ ইজাজুল হক। বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি প্রকৌশলী গোলাম সারোয়ার, লুৎফুল বারী চৌধুরী হিরু, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও কোষাধ্যক্ষ আবদুল হালিম মোল্লা। উপস্থাপনা করেন সংগঠনের নির্বাহী সদস্য মহিউদ্দিন মোল্লা।

ডা. ইজাজুল হক তার বক্তব্যে বলেন, হেপাটাইটিস বি একটি মারাত্মক ভাইরাল সংক্রমণ, যা লিভারকে আক্রমণ করে। এতে লিভার সিরোসিস বা ক্যানসারের কারণও হতে পারে। দেশে বর্তমানে ৩০ শতাংশ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত, যাদের অর্ধেকের লিভারে রয়েছে দীর্ঘমেয়াদি প্রদাহ বা ন্যাশ। এদের অনেকেই ভবিষ্যতে লিভার সিরোসিস বা ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।

তিনি আরও বলেন, কার্যকরী প্রতিষেধক হিসেবে হেপাটাইটিস বি ভ্যাকসিন গ্রহণ করাই প্রতিরোধের প্রধান উপায়। হেপাটাইটিস বি ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনে টিকা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম