ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফতুল্লায় বিদ্যুতের তারে জড়িয়ে দুই শিশু দগ্ধ

প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০৩ মে ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে দুই শিশু দগ্ধ হয়েছে। দগ্ধ হওয়া দুই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করেছে।

বুধবার বিকেলে ফতুল্লার সস্তাপুর মাদরাসা রোডে অবস্থিত আমীর হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনার পরপরই বাড়িওয়ালা আমির হোসেন আত্মগোপন করেছে। তবে বিদ্যুত কর্তৃপক্ষের অবেহলায় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে দুই শিশু দগ্ধ হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

দগ্ধ শিশুরা হলো ফরিদপুর জেলার ভাঙ্গা থানার খাইদা গ্রামের হেমায়েত মীরের মেয়ে সোনালী আক্তার (১০) ও জিনাত মীরের মেয়ে দিথি (১০)। শিশু দুটি সম্পর্কে একে অপরের চাচাতো বোন।

স্থানীয়রা জানায়, ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারের নিচে গত এক বছরে ফতুল্লায় অন্তত অর্ধশতাধিক বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এসব বাড়িতে প্রায় সময় দুর্ঘটনা ঘটলেও বিদ্যুৎ কর্তৃপক্ষের হস্তক্ষেপ না থাকায় ঝুঁকি নিয়ে বসবাস করছে শত শত পরিবার।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাফিউল আলম জানান, বিদ্যুতের তারে জড়িয়ে দগ্ধ দুই শিশু চিকিৎসাধীন অবস্থায় বার্ন ইউনিটে আছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম