ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রফিউর রাব্বির বিরুদ্ধে হেফাজত নেতার মামলার প্রতিবেদন দাখিল

প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০৪ মে ২০১৭

ধর্মীয় অবমাননার অভিযোগে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির বিরুদ্ধে হেফাজত নেতার দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।

মামলাটির তদন্ত করতে আদালতের নির্দেশ মোতাবেক বৃহস্পতিবার ৪ মে দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই প্রতিবেদন দাখিল করেন।

আদালত সূত্রে জানা গেছে, ১৯ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমান বাদী হয়ে রফিউর রাব্বির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আদালতে মামলা করেন। ওই মামলা আদালত গ্রহণ করে আগামী ৭ মে এর মধ্যে প্রতিবেদন জমা দিতে ডিবিকে নির্দেশ দেন।

মামলায় বাদী অভিযোগ তুলেন, রাব্বির সেই বক্তব্যে বাদীসহ সারাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদের ওপর ধর্মীয় আঘাত হানার শামিল। তাছাড়া এটা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির শামিল।

মামলায় অভিযোগ করা হয়েছে, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে ৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে এক অনুষ্ঠানে রফিউর রাব্বি ইসলাম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বক্তব্য রেখেছেন।

তিনি বলেছিলেন, ‘যদি বাংলার মানুষ জানত সংবিধান বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে শুরু হবে, দেশ হবে সাম্প্রদায়িকতার দেশ তবে ৩০ লাখের শহীদের মুক্তিযুদ্ধে কেউ অংগ্রহণ করতো না।’

মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাসান বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দাখিল করেছি। আগামী ৭ মে মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে কিছু বলতে পারছি না। তবে আমরা নিরপেক্ষ তদন্ত করেছি যেখানে ভিডিও ফুটেজ, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, মামলার বাদী বিবাদীসহ সংশ্লিষ্ট যাদের প্রয়োজন হয়েছে তাদের সঙ্গে কথা বলে তথ্য দাখিল করা হয়েছে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম বলেন, তদন্ত প্রতিবেদন হস্তগত হয়েছে। এটা নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা হবে। প্রতিবেদনে কি আছে সেটা বলা যাবে না।

শাহাদাত হোসেন/এএম