ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আড়াইহাজারের চার খুন মামলার রায় ১৭ মে

প্রকাশিত: ০৪:১৬ এএম, ০৫ মে ২০১৭

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আলোচিত চার খুন মামলায় আইনজীবীদের যুক্তিতর্ক ও সাক্ষীদের জেরা শেষে আদালত ১৯ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া এ মামলার রায়ের জন্য আগামী ১৭ মে তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন নাহারের আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক ও সাক্ষীদের জেরা শেষে আসামিদের কারাগারে প্রেরন করেন। এ মামলায় মোট ২৩ জন আসামির মধ্যে ১৯ জন আদালতে উপস্থিত ছিলেন এবং চারজন আসামি পলাতক রয়েছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ বলেন, আসামিদের দোষী সাব্যস্ত করে আদালতে যুক্তি তুলে ধরেছি এবং শাস্তি দাবি করেছি।

আসামি পক্ষের আইনজীবী বারী ভুইয়া ও খোরশেদ আলম মোল্লা বলেন, আসামিদের নির্দোষ দাবি করে যুক্তি তুলে ধরেছি। আদালতের কাছে আমরা ন্যায় বিচার চেয়েছি।

আদালতে উপস্থিত ১৯ আসামি হলেন- মামলার প্রধান আসামি আবুল বাশার কাশু, ডালিম, ইয়াকুব আলী, রফিক, হালিম, রুহেল, শাহাবুদ্দিন, লিয়াকত আলী মাস্টার, সিরাজ উদ্দিন, ইদ্রিস আলী, মোহাম্মদ হোসেন, আবু কালাম, আহাদ আলী, ইউনুছ আলী, জহির উদ্দিন, ফারুক হোসেন, গোলাম আযম, আব্দুল হাই ও খোকন। এ মামলায় পলাতক রয়েছেন আল-আমিন, রুহুল আমিন, তাজুল ইসলাম ও হারুন।

উল্লেখ্য, ২০০২ সালের ১২ মার্চ বর্তমান আড়াইহাজার থানা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই বারেক, ফুফাতো ভাই বাদল, আওয়ামী লীগের কর্মী ফারুক ও কবীরকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতনের পর আগুনে পুড়িয়ে হত্যা করে তৎকালীন গোপালদী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার কাশু ও তার লোকজন। এ ঘটনায় ২৩ জনকে পুলিশ অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

শাহাদাত হোসেন/আরএআর/এমএস