ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় অপহৃত তরুণী না.গঞ্জে উদ্ধার

প্রকাশিত: ১০:৪৮ এএম, ০৬ মে ২০১৭

বরগুনার আমতলী থেকে অস্ত্রের মুখে অপহৃত তরুণী তানজিলাকে (১৯) নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উদ্ধার করেছে র‌্যাব-১১ সদস্যরা।

সিদ্ধিরগঞ্জের আদমজস্থ র‌্যাব-১১ সদস্যরা শনিবার ভোরে দেলপাড়ার মাস্টার শাহ আলমের বাসায় থেকে তাকে উদ্ধার করে।

গত ১৯ এপ্রিল বিকেলে বরগুনার আমতলীর আড় পাঙ্গাশিয়া থেকে সন্ত্রাসী রাসেল তালুকদার (২৭) মোটরসাইকেলযোগে এসে তানজিলার বোন ও ভগ্নিপতিকে অস্ত্রের মুখে জিম্মি করে তানজিলাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র‌্যাব-১১ এর সিপিএসসির কোম্পানি অধিনায়ক মেজর আশিক বিল্লাহ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

র‌্যাব-১১ জানায়, তানজিলা অপহৃত হওয়ার পর তার বাবা বরগুনার আমতলী থানায় মামলা করেন। পরবর্তীতে তানজিলার বাবা তার মেয়েকে উদ্ধারের জন্য বরিশালের র‌্যাব-৮, পটুয়াখালীর সিপিসি-১ এর কার্যালয়ে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে উক্ত ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুরুত আলম অপহৃত তানজিলাসহ আসামি নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়ায় অবস্থান করার বিষয়টি জানতে পারে।

এর প্রেক্ষিতে র‌্যাব-১১ সদস্যরা শনিবার ভোর সাড়ে ৫টায় দেলপাড়ার মাস্টার শাহ আলমের বাসায় অভিযান চালিয়ে তানজিলাকে উদ্ধার করে।

এ সময় আসামিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। উদ্ধার তানজিলাকে বরগুনার আমতলী থানার মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব জানায়।

হোসেন চিশতী সিপলু/এএম/জেআইএম