ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমে হামলা

প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৯ মে ২০১৭

কুমিল্লার মুরাদনগরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমে  হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এতে মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব.) জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আলী নামে দুই জন আহত হয়েছে। এ সময় হাশেম আলী নামে এক ভুয়া মুক্তিযোদ্ধাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সারা দেশের ন্যায় মুরাদনগরেও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম চলছে। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাচাই- বাছাই কার্যক্রম চলাকালে শেখ এনামুল হকসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে অপর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আলী ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত করে নানা কথা বলতে থাকে। এতে মুক্তিযোদ্ধাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব.) জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আলীর ওপর হামলা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের জানান, উভয় পক্ষের মধ্যে পরিস্থিতি বেসামাল দেখে আমি নিজেই দুই পক্ষের মাঝে দাঁড়িয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করি।, এ সময় হাশেম আলী নামে এক ভুয়া মুক্তিযোদ্ধাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এদিকে হামলায় আহত মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আলী জানান, পরিকল্পিতভাবে তাদের ওপর মুক্তিযোদ্ধাদের একটি গ্রুপ হামলা করেছে। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশীদ জানান, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আলী শিষ্টাচার বহির্ভূত আচরণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি করায় সাধারণ মুক্তিযোদ্ধারা তাদের ওপর হামলা করেছে।

কামাল উদ্দিন/আরএআর/এমএস