কথা কাটাকাটি গড়াল খুনোখুনিতে
কুমিল্লায় শরিফুল নামে (২৮) এক সিএনজিচালককে মারধর করার পর বাস থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে জেলার মুরাদনগর উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
শনিবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনার প্রতিবাদে সকাল থেকে ২ ঘণ্টাব্যাপী মুরাদনগর উপজেলা সদরে সিএনজিচালকরা সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে।
এ ঘটনায় পুলিশ ঘাতক বাসচালককে গ্রেফতার করেছে। নিহত শরিফুল ইসলাম মুরাদনগর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মালু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে জেলার মুরাদনগর উপজেলা কোম্পানীগঞ্জ থেকে একটি মিনিবাস হোমনা যাওয়ার পথে মুরাদনগর উপজেলা সদরে পৌঁছলে সেখানে থামানো শরিফুল ইসলামের সিএনজির সঙ্গে বাসের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে সিএনজিচালক শরিফ বাসচালক ও হেলপারের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়।
বাকবিতণ্ডার এক পর্যায়ে বাসচালক ও হেলপার মিলে ওই সিএনজিচালককে ধরে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। পরে গাড়ির ভেতরে তাকে মারধর করে উপজেলার ঘোড়াশাল এলাকায় নিয়ে গাড়ি থেকে ধাক্কা দিয়ে চাকার নিচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই ওই সিএনজিচালক মারা যান।
খবর পেয়ে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় ওই বাসটি ধাওয়া করে চালকসহ জেলার হোমনা উপজেলার কাশিপুর থেকে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) হাবিবুর রহমান জানান, সিএনজিচালক ও বাসচালকের মাঝে বাকবিতণ্ডার জের ধরেই সিএনজিচালক শরিফকে তারা গাড়িতে উঠিয়ে নিয়ে চাকায় পিষ্ট করে হত্যা করে। এ ঘটনায় সিএনজিচালকের বাবা মালু মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘাতক বাসের চালককে গ্রেফতার করা হয়েছে।
মো. কামাল উদ্দিন/এফএ/আরআইপি