ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব পালন করছে : আইজিপি

প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২১ মে ২০১৭

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জনগণ আমাদের সঙ্গে আছে এবং তারা জঙ্গি দমনে আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব পালন করছে। জনগণের সহযোগিতায় জঙ্গিবাদ দমনে সফলতা এসেছে।

তিনি বলেন, ২০২১ সালে আমরা শান্তিপূর্ণ ও সুন্দর বাংলাদেশ জনগণকে উপহার দিতে চাই। সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

রোববার সন্ধ্যায় নগরীর পুলিশ লাইন্স মাঠে কুমিল্লা জেলা পুলিশের দুই দিনব্যাপী বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইজিপির সহধর্মিনী ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী শামসুন্নাহার রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান বিপিএম। অনুষ্ঠানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীসহ চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

আগামীকাল সোমবার (২২ মে) আইজিপি ‘১৯৭১ সালে কুমিল্লা পুলিশ লাইন্স’ গ্রন্থের মোড়ক উন্মোচন এবং মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদবিরোধী র্যালির উদ্বোধন করবেন।

মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি