কুমিল্লায় বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত
কুমিল্লায় বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কুমিল্লা ক্লাব মিলনায়তনে দুই দেশের জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে দুপুরে কুমিল্লা ক্লাবে যৌথ সাংবাদিক সম্মেলনে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরা হয়।
সম্মেলনে দুই দেশের সীমান্তের চোরাচালান, মাদক, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধে ব্যবস্থাপনাসহ গোমতী নদীর পানি বণ্টন, সীমান্ত পিলার মেরামত, মরদেহ হস্তান্তর, রোগী যাওয়া-আসা, সীমান্তবর্তী বাসিন্দাদের আত্মীয়-স্বজনসহ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব বিনিময়সহ ২১টি বিষয়ে আলোচনা হয়।
সম্মেলনে বাংলাদেশের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকগণ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা, সিপাহীজ্বালা ও খোয়াই জেলার জেলা ম্যাজিস্ট্রেটগণ অংশগ্রহণ করেন।
এতে বাংলাদেশের পক্ষে ৪ জেলার ২৯ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন এবং ভারতের ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজ্বালার জেলা ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন বলেন, ভারত ও বাংলাদেশের ডিসি-ডিএম যৌথ সীমান্ত সম্মেলনে দুইটি দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে ইতিবাচক সিদ্ধান্ত তৈরির প্রতিচ্ছবি। দুই দেশের সহযোগিতার মাধ্যমে সীমান্ত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেও এখানে আলোচনা হয়েছে।
মো. কামাল উদ্দিন/এএম/এমএস