ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জোলন রাণী বর্মণ (২০) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরসোনারামপুর গ্রামে নিজ বাড়ির পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জোলন রাণী বর্মণ উপজেলার চরসোনারামপুর গ্রামের ঠাকুর চান বর্মণের মেয়ে।
তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সম্মান ৩য় বর্ষের ছাত্রী। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতের কোনো এক সময় বাড়ির পাশের একটি ঘরের চালার বাঁশের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন জোলন। সকালে পরিবারের লোকজন জোলনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/আরআইপি