ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিনা ছুটিতে ৪ দিন অনুপস্থিত সাব-রেজিস্ট্রার

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৭

ছুটি ছাড়াই ৪ দিন ধরে অফিসে অনুপস্থিত রয়েছেন টঙ্গীর সাব-রেজিস্ট্রার। তার এই অনুপস্থিতি সম্পর্কে অবগত নন জেলা রেজিস্ট্রারও।

ফলে সেবাপ্রত্যাশীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। দলিল রেজিস্ট্রেশন নিবন্ধন না হওয়ায় সেবাপ্রত্যাশীরা পড়েছেন বিপাকে। ফলে সাব-রেজিস্ট্রি অফিসে চলছে এক প্রকার স্থবিরতা। সেবাপ্রত্যাশীরা দিনের পর দিন এসে ঘুরে যাচ্ছেন। তারা প্রত্যাশিত জরুরি সেবাসমূহ পাচ্ছেন না।

ভুক্তভোগীরা জানান, প্রতিদিন বেলা ২টায় অফিসে আসা এবং প্রায় প্রতি বৃহস্পতিবার অফিসে না আসা টঙ্গীর সাব-রেজিস্ট্রার মোশারফ হোসেন চৌধুরীর নিয়মে পরিণত হয়েছে। হজের মৌসুমেও তার এই অনিয়মের ব্যতয় ঘটেনি। অনেকে জমিজমা বিক্রয় অথবা অত্মীয়-স্বজনের ওয়ারিশ সম্পত্তির দাবি পূরণ করে হজে গমন করে থাকেন।

সাব-রেজিস্ট্রার নিয়মিত অফিস না করায় এ ধরনের সেবাপ্রত্যাশীরা এবার চরম দুর্ভোগের শিকার হয়েছেন। এমনকি ঈদুল আজহার পর বৃহস্পতিবার পর্যন্ত সাব-রেজিস্ট্রার একদিনও অফিস করেননি।

তিনি কবে নাগাদ অফিস করবেন এ ব্যাপারে সুনির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না। অন্যান্য বার তিনি অফিসে না আসলে বা ছুটিতে গেলে আগেই অফিসে নোটিশ দিয়ে জানিয়ে দিতেন। কিন্তু এবার তা অফিসে না আসার কারণ সম্পর্কে কোনো নির্দেশনা না থাকায় দলিল লেখক ও সেবাপ্রত্যাশীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।

গত চারদিন ধরে সাব-রেজিস্ট্রার অফিসে না থাকায় অফিসের প্রধান করণিকসহ অনেকেই নিয়মিত অফিস করছেন না বলেও জানা গেছে।

দলিল লেখকরা জানান, সাব-রেজিস্ট্রার নিয়মিত অফিস না করায় দলিল নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট পক্ষদেরকে তারা সুনির্দিষ্ট করে কোনো সময় দিতে পারছেন না।

টঙ্গীর আউচপাড়ার কবির হোসেন জানান, দেওয়ানি মামলার জন্য জরুরি ভিত্তিতে তার দুটি দলিলের নকল উত্তোলন করার প্রয়োজন। সাব-রেজিস্ট্রার না থাকার কারণে তিনি নকল উত্তোলন করতে পারছেন না।

বৃহস্পতিবার দুপুরে সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে দেখা গেছে, পুরো অফিস ফাঁকা। গত চারদিন ধরে দলিল নিবন্ধন না হওয়ায় পাশের দোকানপাট ও খাবার হোটেলও বন্ধ।

সাব-রেজিস্ট্রারের অনুপস্থিতির কারণ জানতে চাইলে অফিস করণিক লক্ষী রাণী বলেন, স্যার অসুস্থ। তাই অফিসে আসতে পারছেন না।

কোন দিন অফিসে আসিবেন জানতে চাইলে তিনি বলেন, সম্ভবত আগামী সোমবার স্যার অফিস করতে পারেন।

এ ব্যাপারে জেলা রেজিস্ট্রার জিয়াউল হক জানান, টঙ্গীর সাব-রেজিস্ট্রারের অফিসে না আসার কারণ সম্পর্কে তিনিও অবগত নন। তবে বৃহস্পতিবার দুপুরে সাব-রেজিস্ট্রার তার অসুস্থতার কথা ফোনে তাকে জানিয়েছেন। তবে তিনি এ পর্যন্ত কোনো ছুটির আবেদন করেননি বলেও জানান তিনি।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম