ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভাতার কার্ড হাতে পেয়ে কাঁদলেন বিবিজান

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ১০:৫৭ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৭

জাগোনিউজ২৪.কম-এ সংবাদ প্রকাশের পর সমাজসেবা অধিদফতরের মহাপরিচালকের নির্দেশে গাজীপুরের শ্রীপুরের কসাইপাড়া গ্রামের ৮৭ বছর বয়সী বিবিজান অবশেষে বয়স্কভাতার কার্ড পেলেন।

জেলা সমাজসেবা অফিস থেকে তিনি এ বয়স্কভাতার কার্ড পান। বয়স্কভাতার কার্ড হাতে পেয়ে আবেগাপ্লুত বিবিজান কান্নায় ভেঙে পড়েন।

বৃহস্পতিবার সকাল ১০টায় গাজীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শংকর শরণ সাহা বিবিজানের হাতে বয়স্কভাতার কার্ড তুলে দেন।

কার্ড পেয়ে আবেগাপ্লুত বিবিজান জানান, এ কার্ডের জন্য তিনি বহুদিন অপেক্ষা করছেন। বহু কাঠ-খড় পোড়ানোর পর আজ তার অপেক্ষার প্রহর শেষ হলো। কার্ডটি পাওয়ায় তিনি খুব খুশি হয়েছেন। কার্ড পাওয়ার পর তিনি সবার জন্য প্রাণ ভরে দোয়া করেছেন বলে জানান।

bibijaan-2

গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শংকর শরণ সাহা বলেন, বিবিজান অবশ্যই বয়স্কভাতা পাওয়ার যোগ্য। সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশ হওয়ায় পর সমাজসেবা অধিদফতরের মহাপরিচালকের নির্দেশে তার সমস্যার কথা বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে তাকে একটি বয়স্কভাতার কার্ডের ব্যবস্থা করে দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনজুরুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড পরিষদের সদস্য মেহেদী হাসান সালাম ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনজুরুল ইসলাম বলেন, সংবাদটি পাওয়ার পরপরই শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলকে বিবিজানের বাড়িতে গিয়ে কার্ড পৌঁছে দেয়ার জন্য বলা হয়।

এর আগে গতকাল বুধবার ‘৮৭ বছর বয়সী বিবিজান আজ অসহায়’ শিরোনামে জাগোনিউজ২৪.কম-এ সংবাদ প্রকাশ পায়। এরপরই সমাজসেবা অধিদফতরের মহাপরিচালকের নির্দেশে তাকে একটি বয়স্কভাতার কার্ডের ব্যবস্থা করেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শংকর শরণ সাহা।

মোঃ আমিনুল ইসলাম/এএম/পিআর

আরও পড়ুন