ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রীপুরে পৃথক ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৫:৪৪ এএম, ০৪ অক্টোবর ২০১৭

গাজীপুরের শ্রীপুরে পিকআপ চাপায় হুসনে আরা (২৫) নামে স্পিনিং মিল কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার নয়নপুর এলাকার জাবের স্পিনিং মিল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুসনে আরা ওই কারখানার কাটিং শাখার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, জাবের স্পিনিং কারখানার শ্রমিক হুসনে আরা রাতের শিফ্টে কাজ করছিলেন। কারখানা সকাল ৬টায় ছুটি হলে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক নিহতের স্বজনরা খবর পেয়ে মরদেহ নিয়ে যায়।

এদিকে একই উপজেলা শ্রীপুরে পা পিছলে পড়ে গিয়ে আরএকে সিরামিক কারখানার এক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার ভোর ৩টায় উপজেলার নয়নপুর এলাকায় কারখানার ভিতরে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল আলম (৩২) উপজেলার নগর হাওলা গ্রামের আবুল কাশেমের ছেলে এবং আহত হাবিবুর রহমান (৩০) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আকরাম হোসেনের ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, কারখানার টিনশেড ভবনের প্রায় ৫০ ফুট উপরে ১নং ডায়ারে কাজ করছিল শ্রমিকরা। এসময় সুপারভাইজার জাকারিয়া ২নং ডায়ারে পাউডার পড়ে গেছে বলে তাদের যেতে বলে।

পরে তারা ২নং ডায়ারে প্লাস্টিকের পাতলা শেডে পাউডারে পা পিছলে নিচে পড়ে যায়। এসময় নাজমুল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারায়। তার সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে মাওনা আল হেরা হাসপাতালে নেওয়ার পথে নাজমুলের মৃত্যু হয়। আহত হাবিবুর রহমান মাওনা আল-হেরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আমিনুল ইসলাম/এফএ/আইআই

আরও পড়ুন